২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্তের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সুরক্ষা দিতে অধ্যাদেশ জারি করা হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত রয়েছে। সরকার সেই নীতিতেই রয়েছে।
আজ রোববার সচিবালয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত শুক্রবার ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে।
মির্জা ফখরুলের এ বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি কিছু বলেছে এ ব্যাপারে? উনি আমার বরাত কেন দিলেন, আমি জানি না। আমি তো ইতোপূর্বে এ বিষয়ে কোনো বক্তব্য দিইনি। মহাসচিব কী বলেছেন, আমি জানি না।
জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে গত ২৬ জানুয়ারি অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার।
সেই অধ্যাদেশের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার (সুরক্ষা অধ্যাদেশ) ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার একটি দফা। সেই দফাতে আমরা সবাই একমত হয়েছি; যে সমস্ত রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে সই করেছে, তারা সবাই একমত হয়েছে। সেটা ছিল জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে।
জুলাই জাতীয় সনদের সংবিধানিক স্বীকৃতির বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তার আলোকে যা কিছু সিদ্ধান্ত নেওয়ার নেব। আশা করি আমি পরিষ্কার করতে পেরেছি।
আরও পড়ুন: সাবেক উপদেষ্টাদের মিলনমেলা
