সচিবালয়ে এসে পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনার। আজ মঙ্গলবার দুপুরের পর তারা একযোগে পদত্যাগপত্র জমা দেন।
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ছাড়াও প্রতিনিধিদলে ছিলেন কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
পদত্যাগপত্র জমাদান শেষে ড. মোহাম্মদ আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘কোনো চাপে নয়, নতুন সরকারের একটা প্রত্যাশা আছে। সেই প্রত্যাশায় সুযোগ করে দিতেই এই পদত্যাগ। আশা করি তারা যোগ্য কাউকে নিয়োগ দেবে।’
মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী সাংবাদিকদের বলেন, ‘নিয়ম অনুয়ায়ী একমাস আগে পদত্যাগপত্র জমা দিতে হয়। আমি আমার প্রত্যেকটা নথিপত্র জমা দিয়েছি।’
প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা চাপের মুখে পদত্যাগ করিনি, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। আমরা এই সময়টা খুব এনজয় করেছি।’
কী কারনে পদত্যাগ করেছেন জানতে চাইলে দুদকের এই কমিশনার বলেন, ‘আমি সরকারের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি।’
এর আগে আজ দুপুরে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঙ্গে সাক্ষাৎ করতে যান দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। সাক্ষাৎ শেষে চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত হয়।
গত সোমবার থেকেই দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিলো।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ২০২৪ সালের ১২ ডিসেম্বর ড. এম এ মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। তার দুদিন আগে ১০ ডিসেম্বর কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ।
আরও পড়ুন: সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা
