সমুদ্রপথে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল করতে দিচ্ছে না ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো জাহাজকেই এই প্রণালি দিয়ে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না।
ইরানের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে অবস্থিত কৌশলগত পানিপথ হরমুজ প্রণালি। রেভল্যুশনারি গার্ডস কর্পসের পক্ষ থেকে এই পানিপথে চলাচলকারী জাহাজগুলোকে প্রণালিটি বন্ধের বিষয়ে বার্তা দেওয়া হচ্ছে।
তেল রপ্তানির জন্য সমুদ্রপথে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি। এটি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সবচেয়ে বড় তেল উৎপাদনকারীদের জন্য তেল রপ্তানির পথ। এই পথ দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পরিবাহিত হয়। এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় তেল পাঠায় সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত। সরু এ সামুদ্রিক পথটি ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে।
আরব উপদ্বীপ ও ইরানের মাঝ দিয়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ নৌপথে পরিবহন স্থগিত হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা করেছে ইরান। হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। এই অঞ্চলের বেশিরভাগ দেশ আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
আরও পড়ুন: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও রেভল্যুশনারি গার্ডের শীর্ষ কমান্ডার নিহত
