, | |

মূলপাতা অন্যান্য

ভোটকেন্দ্র থেকে ধানের শীষে সিলমারা ব্যালট উদ্ধার, ইউএনও অবরুদ্ধ


উদ্ধারকৃত ব্যালট পেপার।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৯ : অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪ দিন পর রংপুরের পীরগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে ৬টি ব্যালট পেপার ও ২টি সিল উদ্ধার হয়েছে। এর মধ্যে দুটি ধানের শীষ প্রতীকের। বাকি চারটির মধ্যে দুটি ‌‘হ্যাঁ’ এবং দুটি ‘না’ ভোটের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে তিনি জনতার তোপের মুখে পড়েন। এ সময় বিক্ষুব্ধ স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে রাখেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির জুনায়েদ ও পঞ্চম শ্রেণির নবীউল তাদের ক্লাসরুমে পড়ে থাকা কাগজ পরিষ্কার করতে থাকে। এক সময় ক্লাসরুমে আলমিরাতে পড়ে থাকা সিলমারা ৬টি ব্যালট পেপার দেখতে পায়। পরে শিক্ষার্থীরা বিষয়টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদকে জানালে অন্য শিক্ষকরাও জেনে যান।

জানা যায়, ব্যালট পেপার ও সিল উদ্ধার হওয়ার ঘটনায় ঝাড়ু হাতে নারীরা অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ইউএনওর গাড়ি ভাঙচুর করে বিক্ষোভ করে এলাকাবাসী।

প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সিলযুক্ত ব্যালট ও সিল উদ্ধার করার বিষয়টি ইউএনও লিখিত দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এ সময় পুলিশ প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতায় ইউএনওকে স্কুল ঘর থেকে বের করে গাড়িতে উঠানোর সময় উত্তেজিত জনতা ইউএনওর গাড়ি ভাঙচুর করে।

পীরগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। পুলিশের সহযোগিতায় ইউএনওকে উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

রংপুর-৬ আসনে জামায়াতে ইসলামীর নুরুল আমিন ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট।

আরও পড়ুন: সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর