ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে কনভেন্স করাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে কনভেন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল। এটাতে আমরা সফল।
আজ শনিবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, কোনো গোপন কৌশল নয় বরং সাধারণ মানুষকে আস্থায় নিয়ে তাদের পক্ষে নিয়ে আসাটাই ছিল তাদের একমাত্র রাজনৈতিক পরিকল্পনা এবং আলহামদুলিল্লাহ, তাতে বিএনপি পূর্ণাঙ্গভাবে সফল হয়েছে।
তবে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গত শুক্রবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে অভিযোগ করে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক আসনের রেজাল্ট শিট পরিবর্তন করা হয়েছে।
সুনির্দিষ্ট সময়ের মধ্যে এসব অনিয়মের প্রতিকার না হলে ১১ দলীয় জোট রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের বিএনপি এককভাবে ২০৯টি, বিএনপির শরিকদের মধ্যে গণঅধিকার পরিষদ ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি আসনে বিজয়ী হয়েছে। অপরদিকে জামায়াত এককভাবে পেয়েছে ৬৮টি আসন। এ ছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয় পেয়েছে।
বিএনপি-জামায়াত জোটের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে বিজয়ী হয়েছে। এ ছাড়া ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে।
দুটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। আসন দুটি হলো-চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড)। এ দুটি আসনে বিএনপি জয়ী হলেও মনোনয়নপত্রের বৈধতা নিয়ে দুই প্রার্থীর বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়ায় এসব আসনের ফল স্থগিত আছে। এছাড়া প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত করা হয়।
বিএনপি দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে প্রায় ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে।
আরও পড়ুন: নির্বাচনের রেজাল্ট শিট পরিবর্তন করা হয়েছে, জামায়াত আমীরের হুঁশিয়ারি
