, | |

মূলপাতা জামায়াতে ইসলামী

নির্বাচনের রেজাল্ট শিট পরিবর্তন করা হয়েছে, জামায়াত আমীরের হুঁশিয়ারি


১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২১ : অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক আসনের রেজাল্ট শিট পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সুনির্দিষ্ট সময়ের মধ্যে এসব অনিয়মের প্রতিকার না হলে ১১ দলীয় জোট রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ শুক্রবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গতকাল কয়েকটি কেন্দ্রে ফল আটকে রাখা হয়। অনেককে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে রেজাল্ট শিট পরিবর্তন করা হয়েছে। আমাদের জোটের প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীর আসনে কী হয়েছে আপনারা জানেন। একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে, তা দেশবাসী দেখেছে। আবার একই বিষয় আমাদের জোটের প্রার্থী মামুনুল হক সাহেবের ক্ষেত্রে গ্রহণ করা হয়নি, অথচ নাসীরউদ্দীন পাটওয়ারীর প্রতিপক্ষের ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে।’

 

জামায়াত আমীর প্রশ্ন তুলে বলেন, ‘এক দেশে কি দুই আইন চলবে? এই ধরনের অন্যায় কাজ আরও হয়েছে। যেসব আসনের ফলাফলে অনিয়ম হয়েছে আমাদের প্রার্থীরা তার প্রতিকার চাইবেন। সুনির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকার পেলে ভালো, না হলে আমরা ব্যবস্থা নেবো। রাজপথে নামতে বাধ্য হবো।’

নির্বাচন কমিশন ন্যায়বিচার করবে আশা প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আশা করি নির্বাচন কমিশন ইনসাফ করবে। আমরা দেশে শান্তি ও ঐক্য চাই। এ দেশে থাকতে হলে পরস্পরকে সম্মান করেই থাকতে হবে। এখানে কেউ কারও অধীনস্থ নয়, সবাই সমান। অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, এই কালো অধ্যায়ের অবসান চেয়েছি। ফ্যাসিবাদ আবার ফিরে আসলে ছাড় নয়, লড়ে যাবো।’

উল্লেখ্য, আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৯৯টি আসনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি, বিএনপির শরিকদের মধ্যে গণঅধিকার পরিষদ ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি আসনে বিজয়ী হয়েছে। অপরদিকে জামায়াত এককভাবে পেয়েছে ৬৮টি আসন। এ ছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয় পেয়েছে। বিএনপি-জামায়াত জোটের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে বিজয়ী হয়েছে। এ ছাড়া ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে।

আরও পড়ুন: ২৯৭ আসনের ফল ঘোষণা: বিএনপি জোট ২১২, জামায়াত জোট ৭৭

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর