বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা জাতীয় নাগরিক পার্টি

দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সে এমপি হচ্ছেন হান্নান মাসউদ


এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০২ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের পক্ষ থেকে লড়ে নোয়াখালী–৬ (হাতিয়া) আসন থেকে তিনি বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। সে হিসেবে তার বর্তমান বয়স ২৬ বছর ১ মাস। এবারের নির্বাচনেই প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে হান্নান মাসউদ সম্মুখসারির নেতা হিসেবে পরিচিতি পান। পরবর্তী সময়ে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন এবং ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।

হলফনামায় হান্নান মাসউদ নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। তিনি নিজেকে আলিম (উচ্চমাধ্যমিক সমমান) পাস উল্লেখ করে ঢাকায় ডিজিল্যান্ট গ্লোবাল নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক বলে উল্লেখ করেছেন। এতে তার বাৎসরিক আয় দেখানো হয়েছে ৬ লাখ ৭০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা রয়েছে ১ হাজার ৫৫ টাকা। এ ছাড়া বন্ড, ঋণপত্র ইত্যাদি খাতে এক লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান ধাতু ৮ লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী এক লাখ টাকা ও আসবাব রয়েছে এক লাখ টাকা।

গত ১৯ সেপ্টেম্বর শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হান্নান মাসউদ। তার স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা এবং তিনি জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

আরও পড়ুন: আলোচনায় থেকেও পরাজিত হলেন যেসব প্রার্থী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর