, | |

মূলপাতা জামায়াতে ইসলামী

৭৪ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা আমীর, জামায়াত বললো ‘নাটক’


জব্দকৃত টাকা ও আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন প্রধান।

রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে ঠাকুরগাঁও সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হয়েছেন জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন প্রধান। তবে তাকে নাটক সাজিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটক করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

আজ বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন প্রধান ব্যবসার টাকা বহন করছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য একটি নাটক সাজিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করছে। টাকার উৎস সম্পর্কে যথা সময়ে প্রমাণসহ বিস্তারিত জানানো হবে।

জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, বেলাল উদ্দিনকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ডোমেস্টিক টার্মিনাল থেকে অনাপত্তিপত্র দিয়েছিলেন নিরাপত্তা কর্মকর্তারা। বিমানবন্দরের নির্বাহী পরিচালক অনাপত্তিপত্র দিয়েছিলেন। সেই অনাপত্তিপত্র সঙ্গে থাকার পরও তাকে আটক করা হয়েছে। তিনি সৈয়দপুর পৌঁছানোর পর তাকে সেখানে হেনস্থা করা হয়েছে।

 

এদিকে সৈয়দপুরে আটক জামায়াত নেতার সঙ্গে থাকা অর্থ শাহজালাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে অবগত করলে তারা এতে অনাপত্তি জানান বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ।

আজ বুধবার বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক করা হয় বেলাল উদ্দিন প্রধানকে। তবে টাকার উৎস জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।

নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘ইউএস বাংলায় করে ঢাকা থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন প্রধান টাকা নিয়ে আসছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি। এ তথ্য জানার পর বিমানবন্দরে গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন বাহিনী ব্যবস্থা নেয়। পরে তাকে আটক করা হয়।’

৭৪ লাখ টাকাসহ জামায়াত নেতা আটকের ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের সময় নগদ অর্থ বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই। ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই।

দেশের অভ্যন্তরে ব্যক্তি পর্যায়ে নগদ অর্থ বহনে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে স্পষ্ট করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

এদিকে আটকের পর জামাত নেতা অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশি হেফাজতে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ভোট দিতে ঈদের আমেজে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর