ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নেবেন।
আজ বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি আহ্বান জানান।
নাসির উদ্দিন বলেন, ‘ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়, এ বিষয়টি স্বরণে রেখে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে হবে। ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয় বরং দায়িত্ব। সবাই সচেতনভাবে এ দায়িত্ব পালন করবেন।’
সিইসি বলেন, ‘ভোটার, প্রার্থী, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ-ব্যক্তিগত কষ্ট-ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন।’
অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় নাসির উদ্দিন বলেন, ‘প্রিয় ভোটারগণ, আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যেকোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠপর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন।’
প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। পরদিন শুক্রবারের (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করবে ইসি।
আরও পড়ুন: কীভাবে জানবেন ভোটকেন্দ্র কোনটি, ভোটার নম্বর কত?
