আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত অংশগ্রহণের ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে বাংলাদেশের সমর্থনে টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাচে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ রোববার পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সরকার আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে।’ সেই সঙ্গে বিবৃতিতে যোগ করা হয়েছে, ‘তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’
এর আগে বিশ্বকাপ অংশগ্রহণের ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি।
বৈঠকের আগে গুঞ্জন উঠেছিল, বিশ্বকাপ বয়কট করলে বিকল্প ভাবনা অনুমোদনও হতে পারে এ বৈঠক থেকে।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী শনিবার ৭ ফেব্রুয়ারি। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলংকায় নেওয়ার দাবি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু আইসিসি তাতে কর্ণপাত করেনি। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভূক্ত করা হয়েছে।
আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পাকিস্তান বলেছে, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। এর প্রেক্ষিতে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের মতো সিদ্ধান্তও নিতে পারে বলে শোনা যাচ্ছিলো। শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট নয়, ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিলো পাকিস্তান।
গত ৩০ জানুয়ারি পিসিবি সভাপতি মহসিন নাকভি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। তাকে আইসিসি সম্পর্কিত বিষয়টি অবহিত করা হয়েছে এবং তিনি নির্দেশ দিয়েছেন যেন আমরা সমস্ত বিকল্প খোলা রেখেই এটি সমাধান করি।’
আরও পড়ুন: হঠাৎ সাকিবকে দলে ফেরানোর সিদ্ধান্ত বিসিবির
