, | |

মূলপাতা চট্ট-মেট্টো

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৪ জানুয়ারি, ২০২৬ ২:৩১ : অপরাহ্ণ

দীর্ঘ ২০ বছর ৮ পর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার নগরীর ঐতিহাসিক রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মহাসসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এ ছাড়া তিনি শিক্ষার্থীদের সঙ্গে ইয়ুথ পলিসি টকে অংশ নেবেন।

এর আগে তারেক রহমান চট্টগ্রামে এসেছিলেন ২০০৫ সালের মে মাসে। তখন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সময় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের নির্বাচনী সভায় অংশ নিয়েছিলেন তিনি।

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমানের সফরকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। রাজনীতি সচেতন মানুষরা নানা হিসাব-নিকাশ করছেন।

জানা গেছে, আগামীকাল রোববার সকাল সাড়ে ৯টায় একটি হোটেলের হল রুমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীদের নিয়ে ইয়ুথ পলিসি টকে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে মতবিনিময় করবেন ও তরুণ তরুণীদের পরামর্শ শুনবেন।

এরপর তিনি চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, এই সমাবেশে ১০ লাখের বেশি জনসমাগম ঘটাতে চায় বিএনপি। সমাবেশ উপলক্ষে পলোগ্রাউন্ড মাঠে ১০০ ফুট দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত মঞ্চ তৈরি করা হয়েছে।

এই মহাসমাবেশ ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নগরের বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা, স্বাগত মিছিল ও প্রচারণা কর্মসূচি চলছে।

 

প্রায় দুই দশক পর তার এই সফর শুধু একটি জনসমাবেশে বক্তব্য দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটিকে ঘিরে বিএনপির ভেতরে নতুন করে সাংগঠনিক সক্রিয়তা, নেতৃত্বের দৃশ্যমানতা এবং মাঠের রাজনীতিতে শক্ত অবস্থান জানান দেওয়ার প্রচেষ্টা স্পষ্ট হয়ে উঠেছে।

দলীয় সূত্রগুলো বলছে, বিএনপির নেতৃত্বের কাছে এই সফর একটি কৌশলগত পদক্ষেপ। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার পর দলকে আবার মাঠের রাজনীতিতে সক্রিয় ও দৃশ্যমান করার প্রয়াস হিসেবেই চট্টগ্রাম সফরকে দেখা হচ্ছে।

দলীয় প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের এটি প্রথম বড় মাঠের কর্মসূচি হওয়ায়, তার বক্তব্যকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।

চট্টগ্রাম বিএনপির নেতারা মনে করছেন, দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এই নগরীতে বড় ধরনের জনসমাগম ঘটাতে পারলে তা জাতীয় রাজনীতিতে বিএনপির শক্ত অবস্থান জানান দেবে।

সে কারণেই নগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও পার্বত্য অঞ্চল এবং কক্সবাজার পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি বিস্তৃত করা হয়েছে। দলীয় কর্মসূচিতে এবার শুধু নেতাকর্মীদের নয়, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী শ্রেণির মানুষকে যুক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এই সফরকে ঘিরে দলীয় কাঠামোর বাইরে থেকেও সাধারণ মানুষের আগ্রহ লক্ষ করা যাচ্ছে, যা বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

আরও পড়ুন: চট্টগ্রামে আ.লীগ নেতা ও সন্ত্রাসীসহ ৩৩০ ব্যক্তিকে নিষেধাজ্ঞা, দেখে নিন তালিকা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর