বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন ও চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী।
এছাড়া ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ সার্বিক বিষয়ে আলোচনা হয় বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটন ডিসিতে শপথ গ্রহণের দুই দিন পর গত ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছান। তিনি ঢাকায় ১৯তম মার্কিন দূত। গত ১৫ জানুয়ারি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মধ্যদিয়ে ঢাকা মিশন শুরু করেন নতুন এই মার্কিন দূত। এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিকবিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন ক্রিস্টেনসেন।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জন্য গর্বের বিষয়। এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করছি।’
আরও পড়ুন: তারেক রহমানের গাড়িতে খাম সেঁটে পালালো বাইকার, কী ছিল তাতে?
