রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে তার চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুত বেগে পালিয়ে যান এক বাইকার। এ সময় তারেক রহমান গাড়িতেই ছিলেন। কিন্তু ওই মোটরসাইকেলচালককে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
গত ১৪ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে তারেক রহমান যখন তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফেরার সময় গুলশানের ৬৫ নম্বর সড়কে পৌঁছালে এ ঘটনা ঘটে। এ সময় তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তায় থাকা সিএসএফ (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স) কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
ওই খামে কী ছিল বা কী লেখা ছিল, সে বিষয়ে কিছু জানা যায়নি। খামটি বর্তমানে সিএসএফের কাছে রয়েছে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সাদা হিরো হাংক মডেলের মোটরসাইকেলটিতে একজনই ছিলেন। মোটরসাইকেলটি ৬৫ নম্বর সড়কে তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ির কাছে এসে গতি কমিয়ে গাড়িতে খাম লাগিয়ে দিয়েই আমেরিকান ক্লাবের দিকে চলে যায়।
ঘটনার পর গুলশান থানা পুলিশ নিজেরাই থানায় একটি জিডি করেছে। এ বিষয়ে গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম জানান, ওই মোটরসাইকেলটি স্পিডে এসে বিএনপি চেয়ারম্যানের বুলেটপ্রুফ গাড়িতে শুধু স্কচটেপ মারা একটি খাম লাগিয়ে টান দিয়ে চলে গেছে। এটা কেন, কী উদ্দেশ্যে করলো, সেটা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ওসি জানান, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণের মাধ্যমে মোটরসাইকেল ও আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে এ ঘটনার পর তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
আরও পড়ুন: জুলাই যোদ্ধাদের জন্য পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের
