মোস্তাফিজ ইস্যুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে কড়া অবস্থান নিলো বাংলাদেশ। আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের আসন্ন মৌসুমের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
আজ সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই সিদ্ধান্তের পেছনে রয়েছে জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক ঘটনা। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো তাকে বাদ দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল। যার রেশ ধরে গত ৩ জানুয়ারি সকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার পর কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মোস্তাফিজকে সরিয়ে দেওয়া হয়। বিষয়টি ঘিরে দেশজুড়ে আলোচনা ও সমালোচনার মধ্যেই আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত এলো।
তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
এর আগে শনিবার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অনুরোধ জানান।
আরও পড়ুন: মোস্তাফিজকে ছেড়েই দিলো কলকাতা
