, | |

মূলপাতা বিএনপি

এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন তারেক রহমান


এনআইডি কার্যক্রম সম্পন্ন করতে ছবি তুলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৭ ডিসেম্বর, ২০২৫ ১:৩২ : অপরাহ্ণ

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার দুপুর সোয়া ১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে গিয়ে তিনি এনআইডি রেজিস্ট্রেশনের জন্য আঙুলের ছাপ ও চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি দিয়েছেন।

এখন জাতীয় পরিচয়পত্রের নাম্বার পাওয়ার পর আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে ভোটার তালিকায় যুক্ত করবে।

এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, তিনি (তারেক রহমান) অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে শুধু আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন। এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে অনুসন্ধান করে দেখবে সেটি কারও সঙ্গে মিলছে কিনা। মিল না হলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটি আমাদের কারও হাতে নেই। এক্ষেত্রে তিনি আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্ট কার্ড নিতে পারবেন।

এর আগে, আজ বেলা সাড়ে ১১টায় তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। ওসমান হাদির কবর জিয়ারতের পর সেখানে শায়িত জাতীয় কবি নজরুল ইসলামের কবর জিয়ারতও করেন তিনি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন।

গত বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসভবনে ফেরেন।

আরও পড়ুন: বীরোচিত স্বদেশ প্রত্যাবর্তন, জনসমুদ্রের ভালোবাসায় সিক্ত তারেক রহমান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর