, | |

মূলপাতা জাতীয়

শিলিগুড়ি, আগরতলা ও গুয়াহাটিতেও বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা


ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২২ ডিসেম্বর, ২০২৫ ১০:২৪ : অপরাহ্ণ

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পর পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, ত্রিপুরার আগরতলা ও আসামের গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনেও সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে।

জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা এ হামলা চালায়। সেখানে ভিসা সেন্টারের একটি সাইনবোর্ড ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার পর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।

 

আগরতলায় সহকারী হাইকমিশনে ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়ে টানিয়ে দেওয়া হয়েছে এ সংক্রান্ত নোটিশ।

একইভাবে আসামের গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ মিশনেও ভিসা প্রদান সাময়িক বন্ধ রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তিন মিশনের কর্মকর্তারা জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণেই এই তিন বাংলাদেশ মিশনে ভিসার আবেদন গ্রহণ ও প্রদান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২০ ডিসেম্বর দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে স্থানীয় সময় রাত ৯টার দিকে একদল উগ্র হিন্দু বিক্ষোভ করে। অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে ২০ থেকে ২৫ জনের একটি দল চার থেকে পাঁচটি গাড়িতে করে সব নিরাপত্তা বেষ্টনি অতিক্রম করে বাংলাদেশ হাইকমিশনের মূল ফটকের সামনে উপস্থিত হয়। সেখানে তারা বাংলাদেশবিরোধী নানা স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয়।

ঘটনার সময় বিক্ষোভকারীদের কয়েকজন হাইকমিশনারের উদ্দেশে চিৎকার করে ‘শালাকে গুলি করে মার’ বলে হুমকি দেয়। কূটনৈতিক সূত্রগুলোর মতে, এ ধরনের ঘটনা দিল্লির কূটনৈতিকপাড়ায় নজিরবিহীন।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ঘটনাটি অস্বীকার করে গতকাল এক বিবৃতিতে দাবি করেন, বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনি ভাঙার চেষ্টা বা নিরাপত্তাজনিত পরিস্থিতির সৃষ্টি হয়নি।

বিক্ষোভকারীদের পক্ষে সাফাই গিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, প্রায় ২০ থেকে ২৫ জন তরুণ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তুলেন।

আরও পড়ুন:

নিরাপত্তা নিয়ে শঙ্কা, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম বন্ধ

বিক্ষোভকারীরা হাইকমিশনের ভেতরে কীভাবে ঢুকলো, দিল্লিকে প্রশ্ন ঢাকার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর