, | |

মূলপাতা দেশজুড়ে

এবার খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে মাথায় গুলি


এনসিপির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে মাথায় গুলি করা হয়েছে।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২২ ডিসেম্বর, ২০২৫ ১:২১ : অপরাহ্ণ

রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার পর খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে (৩৭) মাথায় গুলি করা হয়েছে।

আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা বেসরকারি গাজী মেডিকেলের সামনে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ মোতালেবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। গুলি তার মাথায় বিদ্ধ হয়েছে।

মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার মৃত মোসলেম শিকদারের ছেলে।

এনসিপির খুলনা জেলা ও মহানগরের সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘সোনাডাঙ্গা এলাকায় মোতালেব সিকদা গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোতালেব শিকদারকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নিয়ে আসে।

সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেন, মোতালেব শিকদারের চিকিৎসা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে এবং মূল ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।

এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়।

আরও পড়ুন: এক সাহসী কণ্ঠের প্রস্থান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর