লটারির মাধ্যমে দেশের সব জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগের পর এবার ৫২৭ থানায় ওসি নিয়োগ দেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে এমন পদক্ষেপ নিয়েছে পুলিশ সদর দপ্তর। তবে মেট্রোপলিটন এলাকার কোনো থানায় লটারি প্রক্রিয়া প্রযোজ্য হয়নি।
আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানান, ওসি নিয়োগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে লটারি করা হয়।
এর আগে, পুলিশ সদর দপ্তর ‘সৎ ও নিরপেক্ষ’ পরিদর্শকদের খোঁজ করে একটি তালিকা তৈরি করে। তাদের মধ্য থেকে এবং কর্মরত ওসিদের মধ্য থেকে রদবদল করে নতুন দায়িত্বপ্রাপ্তদের নির্বাচন করা হয়।
পুলিশের সূত্র জানায়, দেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে ৫২৭টি বিভিন্ন জেলায় এবং ১১০টি বিভিন্ন মহানগর এলাকায়।
পদায়নের মধ্যে ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ৪ থানায় ৩৬ ওসিকে পদায়ন করা হয়েছে, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ ওসিকে পদায়ন করা হয়েছে, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানার ওসিকে পদায়ন করা হয়েছে এবং রংপুর রেঞ্জের ৮ জেলার ৬২ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন–
আরও পড়ুন: ড. ইউনূসের কাজে সন্তুষ্ট ৬৯ শতাংশ মানুষ
