অবশেষে নির্বাচন কমিশনের নতুন সংযুক্ত প্রতীক ‘শাপলা কলি’ নিতে রাজি হয়েছে তরুণদের নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই কথা জানিয়েছেন।
‘শাপলা’ প্রতীক নিয়ে ৪ মাস ৯ দিন ধরে এনসিপির সঙ্গে টানাপড়েন চলছিল নির্বাচন কমিশনের। সম্প্রতি নির্বাচন কমিশন প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে। তবে এনসিপি তিনটি প্রতীক চেয়ে নতুনভাবে আবেদন করেছে।
এবার তারা শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলির মধ্যে একটিকে প্রতীক হিসেবে বরাদ্দ চেয়েছে। আজ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে প্রতীক বরাদ্দের আবেদন করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি দলের প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি। শাপলা কলি দেওয়া হলে এনসিপি নেবে।
এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, জনতার মধ্যে ইতিমধ্যেই শাপলা প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে আবার শাপলার সাথে কলিও যোগ হচ্ছে। আমরা এটা পজিটিভলি নিয়েছি। নির্বাচন কমিশনকে বলেছি দ্রুতগতিতে এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ধানের শীষ এবং শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে।
এর আগে গত ৩০ অক্টোবর প্রতীকের তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ যুক্ত করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপির প্রতীক ইস্যুতে কিছুটা ছাড় দিয়ে বিকল্প হিসেবে ‘শাপলা কলি’ তালিকায় যুক্ত করে নির্বাচন কমিশন।
গত ২২ জুন এনসিপি এনসিপি নিবন্ধনের জন্য আবেদন জমা দেয় এবং তিনটি প্রতীক প্রস্তাব করে-শাপলা, কলম ও মোবাইল ফোন।
আরও পড়ুন: নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
