জামায়াতে ইসলামীর রুকনদের ভোটে ২০২৬–২০২৮ কার্যকালের জন্য দলটির আমীর হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকনদের) কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন।
এরপর গতকাল শনিবার (১ নভেম্বর) রাতে আমীর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান ২০১৯ সাল থেকে জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংগঠনের সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
৫ আগস্ট পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীর রাজনীতি ব্যাপক চাঙা হয়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আমির। ডা. শফিকুর রহমানের বিভিন্ন বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে তার কোনো কোনো বক্তব্য নিয়ে সমালোচনাও হয়।
আরও পড়ুন: ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে যা বললো জামায়াত
