ভোলায় বিএনপি ও আন্দালিব রহমান পার্থের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন, ভাঙচুর করা হয়েছে ১০টি মোটরসাইকেল ও বিজেপির দলীয় কার্যালয়। ঘটনাস্থলে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আজ শনিবার দুপুরে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল থেকে জেলা বিএনপি ও বিজেপি’র অফিসের সামনে পাল্টা-পাল্টি কর্মসূচি চলছিল। পরে বিজেপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নতুন বাজারে তাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি।
অন্যদিকে দলীয় কার্যালয়ে সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ করে মিছিল বের করে জেলা বিএনপি। তাদের মিছিলটি নতুন বাজারের পৌর ভবনের সামনে পৌঁছালে উভপক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি ছোঁড়াছুঁড়ি এবং পরবর্তীতে ধাওয়া ও পাল্টা শুরু হয়। আহত হয় উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। পরবর্তী সংঘাত এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন: বৃষ্টিতে ছাতা মাথায় সনদে সই করলাম, তারা বিশ্বাসঘাতকতা করলো
