, | |

মূলপাতা রাজধানী

মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন, মৃত ১৬


আগুন লাগার পর গোডাউন থেকে ধোঁয়া বের হয়।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৪ অক্টোবর, ২০২৫ ৮:৩০ : অপরাহ্ণ

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মৃত ব্যক্তিদের এখনো নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া এ ঘটনায় একাধিক ব্যক্তি দগ্ধ রয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকার কসমিক ফার্মা নামের একটি কেমিক্যাল গোডাউন এবং পাশের পোশাক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সেখানে নিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। তারা পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও রাসায়নিকের গুদামে সন্ধ্যার পরও আগুন জ্বলছিল।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনটা অল্প সময়ে ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার কারণে টক্সিক গ্যাস ছড়িয়ে পড়ে। যারা গার্মেন্টসে ছিল তারা ওই সময় বের হতে পারেননি। মৃত ব্যক্তিরা সম্ভবত বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।

মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন, মৃত ১৬
ঘটনাস্থল ঘিরে রেখেছেন উৎসুক জনতা ও নিখোঁজদের স্বজনরা। ছবি: সংগৃহীত

আজ সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গার্মেন্টসের ভেতর থেকে ১৬ জনের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার হয়েছে। পোশাক কারখানার দ্বিতীয় এবং তৃতীয় তলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। কেমিক্যাল গোডাউনের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আরও সময় লাগবে। গোডাউনে ৬-৭ ধরনের কেমিক্যাল ছিল। আগুন ধরার সাথে সাথেই তা দ্রুত ছড়িয়েছে, তাই গার্মেন্টস অংশে থাকা কর্মীরা বাইরে বের হতে পারেনি এবং ছাদেও উঠতে পারেনি। তাই তাদের মৃত্যু হয়েছে।’

আগুনে দগ্ধ হয়ে আরও তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানকার আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘তিনজনকে গুরুতর দগ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।’

এদিকে কেমিক্যাল গোডাউনে নাকি গার্মেন্টস কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: দাবি না মানলে আমরণ অনশনের ডাক শিক্ষকদের

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর