, | |

মূলপাতা চট্ট-মেট্টো

স্থগিত হয়ে গেলো শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন, প্রশাসক নিয়োগ


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৭ অক্টোবর, ২০২৫ ৬:৩৩ : অপরাহ্ণ

ভোটের মাত্র দুই দিন আগে স্থগিত করা হলো বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন। পাশাপাশি চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) শারমিন জাহানকে সংগঠনটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মুহাম্মদ রেহান উদ্দিন ও উপসচিব (বাণিজ্য সংগঠন-২ শাখা) চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিবের চিঠিতে জানানো হয়, তিন ব্যবসায়ী আহসান ইকবাল চৌধুরী, সাকিবুল ইসলাম ও সৈয়দ ইকবাল আলী শিমুলের আবেদন এবং অনুবিভাগের শুনানির সিদ্ধান্ত অনুযায়ী শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচন স্থগিত করা হয়েছে।

বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মুহাম্মদ রেহান উদ্দিনের সই করা পৃথক আরেক চিঠিতে বলা হয়, নির্বাচনে কয়েকজন প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি। এ নিয়ে ভুক্তভোগীরা থানায় জিডি করেছেন। এ ছাড়া শিল্প, বাণিজ্য ও সেবা খাতের স্বার্থে সংগঠনটির সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে প্রতীয়মান হয়। এসব কারণে চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) শারমিন জাহানকে সংগঠনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে বলা হয়েছে।

 

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী সাকিবুল ইসলাম ও সৈয়দ ইকবাল আলী শিমুল এবং ১৮ সেপ্টেম্বর আহসান ইকবাল চৌধুরী নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে শিপিং এজেন্টসের নির্বাচন স্থগিত করে প্রশাসক নিয়োগের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে পৃথক তিনটি চিঠি দেন। গত ৩০ সেপ্টেম্বর এই অভিযোগের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির এক সপ্তাহ পর নির্বাচন স্থগিতের নির্দেশ দিলো বাণিজ্য মন্ত্রণালয়।

চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের অন্যতম প্রতিষ্ঠান শিপিং এজেন্টস এসোসিয়েশনের নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়। একটি হলো ঐক্য পরিষদ, আরেকটি হলো সম্মিলিত পরিষদ। শিপিং এজেন্টরা ঐক্য পরিষদকে ‘বিএনপিপন্থী’ আর সম্মিলিত পরিষদকে ‘আওয়ামী লীগপন্থী’ হিসেবে আখ্যায়িত করছেন। গত ২৫ সেপ্টেম্বর নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।

নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি সম্মিলিত পরিষদ। ২৪ পদের বিপরীতে তারা মাত্র ৮ জন প্রার্থী দেয়। অপরদিকে পূর্ণাঙ্গ প্যানেল দেয় ঐক্য পরিষদ। নির্বাচনের ৬ দিন আগে সম্মিলিত পরিষদের সভাপতি প্রার্থী আহসান ইকবাল চৌধুরী গত ৩ অক্টোবর ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর কথা জানান রাজনীতি সংবাদকে।

শিপিং এজেন্টস এসোসিয়েশেনের পরিচালনা পর্ষদের মোট ২৪টি পদ রয়েছে। এর মধ্যে একজন চেয়ারম্যান, দুজন সিনিয়র ভাইস চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান এবং জেনারেল ক্যাটাগরির ১৩ জন ও এসোসিয়েট ক্যাটাগরির ৬ জন পরিচালক।

আরও পড়ুন:

শিপিং এজেন্টসের নির্বাচন: সরে দাঁড়ালেন সম্মিলিত পরিষদের চেয়ারম্যান প্রার্থী

চিটাগাং চেম্বারের নির্বাচনে জোট বাঁধলো আ.লীগ-বিএনপির দুই ব্যবসায়ী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর