যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে তিনি এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি ছবি প্রকাশ করা হয়।
সেখানে দেখা যায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মিলেনিয়া ট্রাম্প হাস্যজ্বল ছবিতে পোজ দিয়েছেন।
প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়, ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার মেয়ে দীনা ইউনূসের সঙ্গে ছবি তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
প্রসঙ্গত, জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে আগত বিশ্বনেতাদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. ইউনূস।
এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। তাঁদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে প্রমুখ।
প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না: ড. ইউনূস
