, | |

মূলপাতা চট্ট-মেট্টো

শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হচ্ছেন আমজাদ চৌধুরী


প্রকাশের সময় :২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০২ : অপরাহ্ণ

জাহাজভাঙা মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নতুন কমিটির নেতৃত্বে আসছেন আমজাদ হোসেন চৌধুরী। সংগঠনটির নির্বাচনে সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন। তিনি দুই বছর সংগঠনটির নেতৃত্ব দেবেন।

এ ছাড়া নির্বাচনে সংগঠনটির সিনিয়র সহসভাপতি ও দুজন সহসভাপতি এবং সাতজন নির্বাহী সদস্য প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ফলে এই ১০ জন প্রার্থীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে অ্যাসোসিয়েশনের ১১টি পদের বিপরীতে মনোনয়ন ফরম জমা দেন ১১ জন। ১১ জন প্রার্থীর বিপরীতে কেউ মনোনয়নপত্র নেয়নি।

সভাপতি ছাড়া বাকি ১০টি পদে যেসব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তারা হলেন-সিনিয়র সহসভাপতি মো. মহসিন চৌধুরী (পিএইচপি ফ্যামিলি) এবং দুজন সহসভাপতি হলেন নাওসির হাসান (ক্রিস্টাল সিপার্স) ও গাজী মোকারম আলী চৌধুরী (চিটাগাং শিপব্রেকিং)।

এ ছাড়া সাতজন নির্বাহী সদস্য প্রার্থী হলেন-হোসাইনুর আরেফীন (জনতা স্টিল), এস এম নুরুন নবী (বিওবি), নুর উদ্দিন রুবেল (ফোর স্টার স্টিল এন্টারপ্রাইজ), মো. তসলিম উদ্দিন (কে.আর গ্রিন শিপ রিসাইক্লিং), ফেরদৌস ওয়াহিদ (ফেরদৌস স্টিল), মো. সেলিম উদ্দিন (খাজা আজমীর) এবং ইয়ামিন ওবাইদা আসাদী (প্রগ্রেসিভ শিপ রিসাইক্লিন)।

আগামী ৩০ সেপ্টেম্বর বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করবে অ্যাসোসিয়েশনের নির্বাচন বোর্ড। এরপর ৭ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই দিনই ১১জন প্রার্থীকে অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হবে।

জানা গেছে, বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ অনুযায়ী, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে এবার সভাপতি, সিনিয়র সহসভাপতি, দুজন সহসভাপতি এবং সাতজন নির্বাহী সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হতো। কিন্তু ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী না থাকায় ১১জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

এর আগে সংগঠনটির নির্বাচনে অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্যদের ভোটে ১১ জন নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ার বিধান ছিল। পরে নির্বাহী সদস্যদের গোপন ভোটে কিংবা সমঝোতার ভিত্তিতে সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং দুজন সহসভাপতি নির্বাচিত করতে হতো।

তবে গত ৮ বছর চার মেয়াদে শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোট হয়নি। বিনা ভোটে অ্যাসোসিয়েশনের নেতৃত্ব নির্বাচিত হয়েছিলো। সংগঠনটির সাবেক সভাপতি আবু তাহের একটানা ৯ বছর বিনা ভোটে সভাপতির পদ আঁকড়ে রেখেছিলেন। তিনি চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম দিদারের বাবা। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আবু তাহের সংগঠনটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ান।

 

নতুন সভাপতি হতে যাওয়া আমজাদ হোসেন চৌধুরী এর আগে ২০১৪ সালের ১৩ অক্টোবর অনুষ্ঠিত শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন।

আমজাদ হোসেন চৌধুরী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি আসলাম চৌধুরীর ছোট ভাই। চট্টগ্রামের এক সময়ের জাহাজ ভাঙ্গা শিল্পের অন্যতম প্রতিষ্ঠান রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তিনি। তার গ্রামের বাড়ি সীতাকুণ্ডে।

আমজাদ হোসেন চৌধুরী দেশের শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনে একক প্যানেল নিয়ে অংশ নিতে যাচ্ছেন। তিনি তার প্যানেলের সভাপতি প্রার্থী। আগামী ১ নভেম্বর চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে।

চেম্বারের ২৪টি পরিচালক পদে নির্বাচন হবে। তবে প্রতিদ্বন্দ্বিতা হবে ১৮টি পদে। এর মধ্যে অর্ডিনারির ১২টি পদ ও অ্যাসোসিয়েট ক্যাটাগরির ৬টি পদ। অর্ডিনারির ১২টি পদের বিপরীতে মনোনয়নপত্র নিয়েছেন ৪৮ জন। আর অ্যাসোসিয়েট ক্যাটাগরির ৬টি পদের বিপরীতে মনোনয়নপত্র নিয়েছেন ১৭ জন।

অপরদিকে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের ৬টি পদে নির্বাচন হবে না। এই দুটি ক্যাটাগরিতে ছয়টি প্রতিষ্ঠানের ছয়জন একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইতে পারেন ব্যবসায়ী নেতা আমজাদ হোসেন চৌধুরী। চেম্বারের সভাপতি নির্বাচিত হলে তিনি চট্টগ্রাম-১১ আসনে বিএনপির মনোনয়ন লড়াইয়ে নামতে পারেন বলে ব্যবসায়ী মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন:

চট্টগ্রাম-১১ আসনে বিএনপির মনোনয়ন চাইতে পারেন আমজাদ হোসেন!

চিটাগাং চেম্বারের নির্বাচনে বিএনপি-আ.লীগ ‘সমঝোতা’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর