অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। তার সফরসঙ্গীর তালিকায় চারজন রাজনৈতিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে দুজন বিএনপির, একজন জামায়াতে ইসলামীর এবং একজন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা রয়েছেন।
চার রাজনৈতিক নেতা হলেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রাজনীতিবিদদের কেন সফরসঙ্গী করা হয়েছে, সে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এমন একটি পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে দেশের সার্বিক পরিচালনার ভার রাজনীতিবিদদের কাছে যাচ্ছে। সেই বিবেচনায় আমরা তাদের প্রতিনিধিদলে রেখেছি।
তৌহিদ হোসেন বলেন, এবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গাবিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকট সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বিশ্বদরবারে আসন্ন নির্বাচনের প্রস্তুতি, ঐকমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরবেন।
প্রসঙ্গত, জাতিসংঘের অধিবেশন শেষে আগামী ২ অক্টোবর প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন।
আরও পড়ুন: জি এম কাদের ও পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন
