বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা চট্ট-মেট্টো

চিটাগাং চেম্বারে নতুন প্রশাসক নিয়োগ



রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩২ অপরাহ্ণ

দেশের শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরীকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার মেয়াদ এক বছর শেষ হয়ে যাওয়ায় নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আজ সোমবার আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের (ডিটিও) মহাপরিচালক মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে মোহাম্মদ নূরুল্লাহ নূরীকে চিটাগাং চেম্বারের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মোহাম্মদ নূরুল্লাহ নূরী বুধবার (১০ সেপ্টেম্বর) চিটাগাং চেম্বারের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন। চিটাগাং চেম্বারের নির্বাচনের পর নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তাকে প্রশাসকের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী রাজনীতি সংবাদকে বলেন, ‘আজ সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাকে চিটাগাং চেম্বারের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার চিঠি পেয়েছি। নির্বাচন পর্যন্ত আমি প্রশাসক হিসেবে কেবল প্রশাসনিক দায়িত্ব পালন করবো।’

প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোটার তালিকা কিংবা নির্বাচন সংক্রান্ত বিষয় চেম্বারের নির্বাচন বোর্ড দেখবে। এখানে আমার ভূমিকা রাখার কোনো সুযোগ নেই।’

গত বছরের ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। চার দফায় তার মেয়াদ বাড়ানো হয়। আগামীকাল মঙ্গলবার তার এক বছর মেয়াদ পূর্ণ হতে যাওয়ার কারণে তার আর দায়িত্ব পালনের সুযোগ নেই।

বাণিজ্য সংগঠন আইন-২০২২ এর (২) উপধারার (ঘ) তে উল্লেখ করা হয়েছে, বাণিজ্য সংগঠনে নিয়োগকৃত প্রশাসক এক বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবে না।

এই আইনি বাধ্যবাধকতার কারণেই চিটাগাং চেম্বারে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে রাজনীতি সংবাদকে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের (ডিটিও) মহাপরিচালক মুহাম্মদ রেহান উদ্দিন।

মোহাম্মদ আনোয়ার পাশা এখন চট্টগ্রামে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালকের (বাণিজ্য) দায়িত্ব পালন করছেন।

এদিকে আজ সকালে নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে চিটাগাং চেম্বারের বর্তমান প্রশাসক মোহাম্মদ আনোয়ার পাশাকে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ‘বৈষম্যবিরোধী ব্যবসায়ী ফোরাম’ নামের একটি সংগঠন। হাতে গোনা কয়েকজন লোক এই কর্মসূচিতে অংশ নেয়। এর মধ্যে অনেকেই ব্যবসায়ী ছিলেন না বলে জানা গেছে।

 

তবে প্রশাসকের মেয়াদ শেষ হয়ে যাওয়ার একদিন আগে তাদের এই কর্মসূচি নিয়ে চট্টগ্রামের ব্যবসায়ী সমাজে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

আগামী ১ নভেম্বর দেশের শতবর্ষী বাণিজ্য সংগঠনে চিটাগাং চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের ফরম বিক্রি হবে ১৪ থেকে ২০ সেপ্টেম্বর। জমাদানের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। ৫ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এবার চেম্বারের কেবল অর্ডিনারি ও অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ভোট অনুষ্ঠিত হবে। এবার ভোটার তালিকা থেকে চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ‘পকেট ভোট’ নামে পরিচিত টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ বাদ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বিগত সময়ে চিটাগাং চেম্বারের নির্বাচনে ২৪টি পরিচালক পদে নির্বাচন হয়েছে। এর মধ্যে অর্ডিনারি থেকে ১২ জন, অ্যাসোসিয়েট থেকে ৬ জন, টাউন অ্যাসোসিয়েশন থেকে ৩ জন এবং ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে ৩ জন পরিচালক নির্বাচিত হয়েছে। এবার টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ বাদ পড়ায় অর্ডিনারি ও অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ১৮ নাকি ২৪টি পদে ভোট অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি চেম্বারের নির্বাচন বোর্ড।

চিটাগাং চেম্বারের সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছিল ২০১৩ সালের ৩০ মার্চ। ওই নির্বাচনে মাহবুবুল আলম-নুরুন নেওয়াজ সেলিম পরিষদ জয়লাভ করে। তাদের প্রতিদ্বন্দ্বী ছিলো মোরশেদ মুরাদ ইব্রাহীম-আবদুস সালাম ঐক্য পরিষদ। নির্বাচনে মাহবুবুল আলম-নুরুন নেওয়াজ সেলিম পরিষদ থেকে ২০ জন এবং মোরশেদ-সালাম পরিষদ থেকে মাত্র চারজন পরিচালক নির্বাচিত হন।

এর পরের পাঁচ মেয়াদের নির্বাচনে কোনো ভোটাভুটি হয়নি। বিনাভোটে চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে।

দীর্ঘ ১২ বছর পর এবার চিটাগাং চেম্বারের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন:

ভোটার তালিকা থেকে বাদ পড়লো টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ

৩১ আগস্ট রাতে কী হয়েছিলো চিটাগাং চেম্বারে?

চিটাগাং চেম্বারে মেম্বারশিপ নিয়ে ভয়াবহ জালিয়াতি

চিটাগাং চেম্বারের ‘দুর্নীতিবাজ’ সেক্রেটারি ইঞ্জিনিয়ার ফারুক বরখাস্ত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর