আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে সিআইডি।
জানা গেছে, জুলাই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ১৭ আগস্ট কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)।
সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালের নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন।
জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স-এর ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ডিএমপি কমিশনার মহোদয়, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব) এবং জুলাই ঐক্যসহ অন্যান্য জুলাইর সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য আর মাত্র ২৬ ঘণ্টা বাকি। আফ্রিদি বাংলাদেশেই আছে। এই ছবিটি গতকালের। কোনো নাটক চলবে না, সোজাসাপ্টা গ্রেপ্তার করতে হবে।’
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, আজ রাতে তাকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি-পুলিশ। আজ রাতে বরিশাল থেকে সিআইডির এক বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।
জসীম উদ্দিন খান বলেন, এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ৩ নম্বর আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। একই মামলায় ২২ নম্বর আসামি তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।
এ হত্যা মামলায় ২৫ জন ছাড়াও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত ১৭ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার এক মামলায় গুলশান থেকে গ্রেপ্তার করা হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান ও তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দিন সাথীকে। রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
আরও পড়ুন: মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার
