গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এর পর থেকে ফাঁস হচ্ছে নানাজনের সঙ্গে তার ফোনালাপ। এবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি ফোনালাপ সামনে এসেছে।
আজ সোমবার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন।
নানকের সঙ্গে ফাঁস হওয়া ফোনালাপে হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বলে আখ্যায়িত করেছেন।’ এও বলেন, এ দলটিকে তার আর দরকার নেই।
৫ মিনিট ২৬ সেকেন্ডের ফোনালাপে ১৬ বছরের স্বৈরশাসক হাসিনা এমন হুঁশিয়ারিও দেন, ‘এবার আমি একটারেও ছাড়বো না।’
তাদের ফাঁস হওয়া এ ফোনালাপটি গত বছরের জুলাইয়ের, যখন দেশজুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।
সেই ফোনালাপে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী নানককে উদ্দেশ করে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা।’
তখন অপর পাশ থেকে নানক বলেন, ‘জি বলবো।’
পরে শেখ হাসিনা জিজ্ঞেস করেন, ‘মোহাম্মদপুরের বিহারী পট্টির লোকদের ভূমিকা কী?’
জবাবে নানক বলেন, ‘ওদের ভূমিকা ভালো, আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, কালপ্রিট, জাতীয় পার্টির। ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে। ও (সেন্টু) তো এই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনিফিট নেয়। এই গুটিকয়েক ছেলে, এ ১৫-২০টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল। মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা।’
এরপর সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, ‘কিন্তু আপা, সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চ্যাতবে।’
এ কথা শুনে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন, ‘চুপ করো, জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নাই আর ওই পার্টির। ওদের নিয়ে আর কী করবো? জিন্দা লাশ। আমি এবার একটারেও ছাড়বো না।’
তখন অপর পাশ থেকে নানক বলেন, ‘একেবারে ছাইকা ফেলতে হবে, আপা।’
এর আগে গত ১৭ আগস্ট জাসদের সভাপতি হাসানুল হন ইনুর সঙ্গে শেখ হাসিনার একটি ফোনালাপ ফাঁস করেন জুলকারনাইন সায়ের।
আরও পড়ুন: এবার ইনুর সঙ্গে হাসিনার গোপন ফোনালাপ ফাঁস
