, | |

মূলপাতা আন্তর্জাতিক

ছয়টি যুদ্ধ থামিয়েছি, কিন্তু এটা সবচেয়ে কঠিন


হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কি।
প্রকাশের সময় :১৯ আগস্ট, ২০২৫ ৮:১৫ : পূর্বাহ্ণ

রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি ছয়টি যুদ্ধ শেষ করেছি। ভেবেছিলাম, এই যুদ্ধ হয়তো সহজ হবে, কিন্তু এটা সবচেয়ে কঠিন। তবে আমি আত্মবিশ্বাসী, আমরা সমাধান খুঁজে পাবো।’

স্থানীয় সময় গতকাল সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প-জেলেনস্কির এই বৈঠক উপলক্ষে হোয়াইট হাউসে আসেন ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ডের রাষ্ট্র/সরকারপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তারাও। জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষ করে স্থানীয় সময় বেলা ৩ টার দিকে তাদের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প।

এর আগে জেলেনস্কি হোয়াইট হাউসে পৌঁছালে ট্রাম্প তাকে করমর্দন করে ও হাসি দিয়ে স্বাগত জানান। প্রবেশপথে মার্কিন ও ইউক্রেনের পতাকা পাশাপাশি উড়ছিল।

জেলেনস্কি এবার সামরিক পোশাক না পরে স্যুট পরে হোয়াইট হাউসে আসেন। এবার ভিন্ন রূপে হাজির হওয়ায় এক সাংবাদিক জেলেনস্কিকে বলেন, ‘স্যুটে আপনাকে দুর্দান্ত লাগছে।’ পরে ট্রাম্পও মজা করে একই মন্তব্য করেন এবং উপস্থিত সবাই হেসে ওঠেন।

জেলেনস্কির পোশাকের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘আমরা ইউক্রেনীয়দের ভালোবাসি।’

প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস, বিশেষ দূত স্টিভ উইটকফ ও জেনারেল কিথ কেলগ।

মার্কিন ফার্স্ট ল্যাডি মেলানিয়া ট্রাম্পকে জেলেনস্কি ধন্যবাদ জানান এই বলে যে, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শিশুদের জীবনরক্ষার গুরুত্ব নিয়ে একটি চিঠি লিখেছেন।

বৈঠকের পর ওভাল অফিসে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, কিছু একটা ফল আসবে।’

জেলেনস্কি যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, ‘হত্যাযজ্ঞ থামাতে এবং যুদ্ধ বন্ধ করতে আপনার প্রচেষ্টা আমরা কৃতজ্ঞতার সঙ্গে দেখছি।’

ট্রাম্প বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘আজকের বৈঠক শেষ নয়। এটা কোনো ‘ডিল বা নো ডিল’ নয়। মানুষ মারা যাচ্ছে, আমরা সেটা থামাতে চাই। আমার বিশ্বাস, পুতিনও যুদ্ধ শেষ করতে চান।’

 

যুদ্ধের মূল কারণ নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ শেষ হবে। জেলেনস্কি চান, পুতিনও চান, গোটা বিশ্বই ক্লান্ত। আমরা এটা থামাবো।’

তবে তিনি যুদ্ধবিরতি নয়, সরাসরি শান্তিচুক্তিতে যেতে আগ্রহী। ট্রাম্পের ভাষায়, ‘যুদ্ধবিরতি হলে পক্ষগুলো আবার শক্তি সঞ্চয় করে। আমি মনে করি, সরাসরি শান্তিচুক্তিই সঠিক পথ।’

ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা প্রসঙ্গে ট্রাম্প আশ্বস্ত করে বলেন, ‘আমরা তাদের খুব ভালো সুরক্ষা দেবো, খুব ভালো নিরাপত্তা দেবো।’

এদিকে ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজন করবেন তিনি। যুদ্ধরত এই দুই দেশের রাষ্ট্র প্রধানের মধ্যে বৈঠকের পর একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে জানিয়ে ট্রাম্প বলেন, ‘ওই বৈঠকে আমিও থাকবো’।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান ইস্যুতে হোয়াইট হাউসে ইউরোপ এবং ন্যাটো নেতাদের সঙ্গে চলমান বৈঠক থামিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন ট্রাম্প। জার্মানিভিত্তিক দৈনিক বিল্ড প্রথম এই সংবাদ প্রকাশ করে।

আরও পড়ুন: ট্রাম্প-পুতিন ঐতিহাসিক বৈঠক, যে সিদ্ধান্ত এলো

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর