রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২৯ জুলাই ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
গতকাল সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ড. মাহাথিরের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।
এ সময় ড. মাহাথির মোহাম্মদ সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি সুফি মিজানকে আন্তরিকভাবে স্বাগত জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয়ে মতবিনিময় করেন।
ড. মাহাথির মোহাম্মদ সম্প্রতি ১০০ বছরে পদার্পণ করায় সুফি মিজান তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তায় সুফি মিজানের অবদানের জন্য ধন্যবাদ জানান ও তাকে শিল্পায়নের ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ইকবাল হোসেন, পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু ও বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান ।
উল্লেখ্য, ড. মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।
জানা গেছে, সুফি মিজানের সঙ্গে ড. মাহাথির মোহাম্মদের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৪ সালে সুফি মিজানুর রহমানের আমন্ত্রণে ড. মাহাথির সস্ত্রীক বাংলাদেশে আসেন এবং পিএইচপি ফ্যামিলির বিশ্ববিদ্যালয় ইউআইটিএস-এর দ্বিতীয় সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
প্রসঙ্গত, সুফি মিজানের কনিষ্ঠপুত্র মোহাম্মদ আকতার পারভেজ হিরু বর্তমানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: ১ হাজার ৪৮৩ টাকায় ব্যবসা শুরু, এখন ৬ হাজার কোটি টাকার শিল্প গ্রুপ
