, | |

মূলপাতা দেশজুড়ে

ফেনী সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে মারলো বিএসএফ


প্রকাশের সময় :২৫ জুলাই, ২০২৫ ৯:০৩ : পূর্বাহ্ণ

ফেনী সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় গুলিতে অপর এক যুবক আহত হন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে পরশুরাম উপজেলার গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪ /৩-এস নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিতে নিহত যুবকের নাম মিল্লাত হোসেন (২১)। তিনি পৌরসভার বাসপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে। আহত যুবকের নাম মো. আফসার (৩২)। তিনি একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে সীমান্ত পিলার অতিক্রম করে তারকাটার কাছে যান মিল্লাত ও আফছার। তখন তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। এতে দুজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাত হোসেনের মৃত্যু হয়।

এ বিষয়ে বিজিবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বাসপদুয়া সীমান্ত চোরাকারবারপ্রবণ এলাকা। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে এবং অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।’

বিএসএফ সূত্রের বরাত দিয়ে মোশারফ হোসেন বলেন, ‘বাংলাদেশ ও ভারতের একটি সংঘবদ্ধ চোরাকারবারি দল সীমান্ত অতিক্রমকালে বিএসএফ তাদের তাড়া করে। কিন্তু তারা পালানোর পরিবর্তে উল্টো বিএসএফ সদস্যদের দিকে এগিয়ে যান। এ সময় বিএসএফ গুলি চালায়। এতে বাংলাদেশের দুজন গুলিবিদ্ধ হন। তাদের একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা একজন আত্মগোপনে আছেন বলে জানা গেছে। যত দূর জেনেছি, তাদের অংশেও (ভারতে) হতাহতের ঘটনা ঘটেছে।’

আরও পড়ুন: রাষ্ট্রীয় অবদানের কোটায় প্লট নেন শেখ হাসিনার দপ্তরের ১৫ ড্রাইভার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর