বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা দেশজুড়ে

সীমান্তে দুই বাংলাদেশি যুবককে গুলি করে মারলো বিএসএফ



রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ১২ জুলাই ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ

সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সুনামগঞ্জে নিহত যুবকের নাম শফিকুল ইসলাম (৪৫) এবং ঠাকুরগাঁওয়ে নিহত যুবক হলেন মো. আসকর আলী (২৪)।

আজ শনিবার ভোর ৪টার দিকে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মিনাপুর সীমান্ত এলাকায় বিএসএফ আসকর আলীকে গুলি চালিয়ে হত্যা করে।

এর আগে গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নিহত হয়।

ঠাকুরগাঁও সীমান্তে নিহত মো. আসকর আলী ওই উপজেলার হরিপুর ইউনিয়নের জীবনপুর এলাকার মো. কানু আলীর ছেলে।

আর সুনামগঞ্জে নিহত শফিকুল ইসলাম দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ঠাকুরগাঁও জেলার হরিপুর ইউনিয়নের অন্তর্গত মিনাপুর বিওপির আওতাধীন মেইন পিলার ৩৫৩/ হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে যান আসকর আলী। তখন তাকে লক্ষ্য করে বিএসএফের সদস্যরা গুলি ছোড়েন। গুলির আওয়াজ শুনে স্থানীয় লোকজন এসে দেখেন তার মরদেহ কাটাতারে পড়ে আছে।

এ ব্যাপারে হরিপুর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে যাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

এদিকে সুনামগঞ্জ-২৮ বিজিবি ও পুলিশ জানায়, শুক্রবার রাতে শফিকুল ইসলাম দসহ ১০-১২ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে যায়। তখন বিএসএফ টহল দলের নজরে পড়েন তারা। এ সময় বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালায়।

গুলিতে শফিকুল গুরুতর আহত হলে সঙ্গীরা তাকে বাড়িতে দিয়ে নিজেরা চলে যায়। পরে তাকে দোয়ারা বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পুরান ঢাকায় ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর