, | |

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব নিলো ড্রাইডক


প্রকাশের সময় :৭ জুলাই, ২০২৫ ৯:৩০ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনাল ‘নিউমরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)’ আগামী ছয়মাস পরিচালনার জন্য দায়িত্ব বুঝে নিয়েছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড।

গতকাল রোববার মধ্যরাত থেকে ড্রাইডক এনসিটি পরিচালনার ভার বুঝে নিয়েছে বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি পরবর্তী অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্তও দায়িত্ব পালন করে যেতে পারে।

চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, সরাসরি ক্রয় পদ্ধতি বা ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে (ডিপিএম) এনসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছে ড্রাইডক।

চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরের সীমানার মধ্যেই এটির অবস্থান।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, সাইফ পাওয়ারটেকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর রোববার মধ্যরাত থেকে এনসিটি পরিচালনার দায়িত্ব বুঝে নিয়েছে ড্রাইডক। ড্রাইডক প্রাথমিকভাবে ছয়মাসের জন্য অথবা পরবর্তীতে নতুন অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত এনসিটি পরিচালনা করবে। নৌবাহিনীর মাধ্যমে এটি পরিচালনা করবে চিটাগং ড্রাইডক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টেকনিক্যাল কারণে নৌবাহিনী সরাসরি টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে পারেনি। তবে ড্রাইডকের মাধ্যমে তারা এটি পরিচালনা করবে।

এদিকে গতকাল রোববার সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয়। অন্তর্বর্তী সরকার বেসরকারি এই অপারেটরটির সাথে চুক্তির মেয়াদ আর বাড়ানোর পক্ষপাতী ছিল না। ফলে দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রাম বন্দরের এনসিটি থেকে বিদায় নিয়েছে বিতর্কিত এই প্রতিষ্ঠানটি।

সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমীন জানান, এনসিটির দায়িত্ব ছাড়লেও তাদের কার্যক্রম চুক্তি অনুযায়ী চিটাগং কনটেইনার টার্মিনালে (সিসিটি) বহাল আছে।

অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ কন্টেইনার টার্মিনালটি পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের কথা জানায়। আর সেই কাজে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের নাম উঠে আসে। কিন্তু অন্তবর্তী সময়ের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এনসিটি পরিচালনার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। পরে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এনসিটি পরিচালনার দায়িত্বভার নৌবাহিনীকে দেওয়ার কথা জানান।

চট্টগ্রাম বন্দরে চারটি কনটেইনার টার্মিনাল আছে। এগুলো হলো-নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ (কনটেইনার ও বাল্ক-জিসিবি) এবং পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি)।

এই চারটি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় এনসিটি। এই টার্মিনালের পাঁচটি জেটির মধ্যে চারটিতে কন্টেইনারবাহী বড় জাহাজ এবং অন্য জেটিতে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী ছোট জাহাজ ভেড়ানো হয়।

বন্দরে যত কন্টেইনার ওঠা-নামা করে, তার বেশিরভাগই হয় এনসিটিতে। ২০২৪ সালে মোট কন্টেইনার হ্যান্ডলিংয়ের ৪৪ শতাংশ এককভাবে পরিচালনা হয়েছে এনসিটি থেকেই।

২০১৫ সালের ২৫ জুন এনসিটির ৪ ও ৫ নম্বর জেটি পরিচালনায় বন্দরের সঙ্গে চুক্তি করে সাইফ পাওয়ার টেক এবং এর দুই অংশীদার প্রতিষ্ঠান। একই বছরের ২৩ সেপ্টেম্বর এনসিটির ২ ও ৩ নম্বর জেটি পরিচালনায় বন্দরের সঙ্গে চুক্তি করে সাইফ পাওয়ারটেক। টেন্ডারের মাধ্যমে দুই বছরের জন্য প্রতিষ্ঠানটি এনসিটি পরিচালনার ওই দায়িত্ব পেয়েছিল। ২০১৫ সালের ১৭ অক্টোবর এনসিটিতে কন্টেইনার ওঠানামার কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

পরবর্তীতে এনসিটি পরিচালনায় আর টেন্ডার ডাকা হয়নি। সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) প্রতিবার ছয় মাসের জন্য এনসিটির টার্মিনালগুলো পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক। টানা একাদশবার সরাসরি ক্রয় পদ্ধতিতে চলতি বছরের ৭ জানুয়ারি পর্যন্ত এনসিটি পরিচালনা করে সাইফ পাওয়ারটেক। এরপর দ্বাদশতম বারের মত আরও ছয় মাসের জন্য তাদের এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: মাসে দেড় কোটি টাকা আয় করে কর দেয় না চট্টগ্রাম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর