চট্টগ্রামের পটিয়া থানার ওসি জায়েদ নূরকে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আন্দোলনের মুখে আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাকে প্রত্যাহার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পটিয়ার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সূত্র জানিয়েছে, পটিয়া থানার ওসি হিসেবে আবু জায়েদ মো. নাজমুন নূরের স্থলে চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু চাকমাকে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রামের পটিয়া থানার ওসির অপসারণ ও শাস্তির দাবিতে আজ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৯ ঘণ্টা অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পটিয়ার ইন্দ্রপুল এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন সংগঠনের নেতাকর্মীরা। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
একই দাবিতে ডিআইজি কার্যালয়ের সামনের চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়ক বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরোধ করেন এনসিপির নেতাকর্মীরা।
এর আগে গত ১ জুলাই রাত ৯টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের দীপঙ্কর দে (২৯) নামের এক কর্মীকে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানায় নিয়ে যাওয়া হয়। তবে তার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের অভিযোগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মী দীপঙ্করকে থানায় নিয়ে যাওয়ার পরও পুলিশ মামলা নেয়নি। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটা করে। এতে কয়েকজন আহত হন।
আরও পড়ুন: মহিউদ্দিন চৌধুরীর ছেলেসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
