বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির কমান্ডারসহ দুজন নিহত হয়েছেন। এ সময় সেখান থেকে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ বেশকিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
অভিযান এখনো চলছে বলেও জানিয়েছে আইএসপিআর।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত থেকে ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলি শব্দ শোনা গিয়েছিল। জঙ্গলে দুটি মরদেহ পড়ে থাকার খবর জানান তারা।
উল্লেখ্য, ২০২৪ সালের ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালিয়ে টাকা লুট করে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন।
তিন ব্যাংকে লুটপাট চালানোর পর তারা সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণ করে নিয়ে যায়। এরপর ৪ এপ্রিল সন্ধ্যায় র্যাবের মধ্যস্থতায় রুমা বাজারে সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দীন নামে ওই ব্যক্তিকে ছেড়ে দেয়। তবে ওইদিন রাতে দুই দফায় থানচি ও আলীকদমে সংগঠনটির পৃথক দুটি গ্রুপ চড়াও হয় পুলিশ, বিজিবি ও সেনা সদস্যদের ওপর।
জানা গেছে, নাথান বম নামে এক ব্যক্তি কুকি-চিনের নেতৃত্ব দিচ্ছেন।
আরও পড়ুন: পাহাড়ি ৭ উপজেলায় নিজেদের শাসন চায় কুকি-চিন
