, | |

মূলপাতা দেশজুড়ে

বাংলাদেশি যুবককে গুলি করে লাশ নিয়ে গেলো বিএসএফ


প্রকাশের সময় :২ জুলাই, ২০২৫ ৭:৩৯ : অপরাহ্ণ

চুয়াডাঙ্গা সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি চালিয়ে হত্যা করে লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান।

নিহত ইব্রাহিম বাবু (৩২) ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে। নিহতের মরদেহ ভারতের একটি হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় কড়া প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

এলাকাবাসী জানান, বুধবার বেলা সোয়া ১টার দিকে মাঠে ঘাস কাটার জন্য সীমান্তের ৭৯ নম্বর প্রধান খুঁটি পার হয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন বাবু। এ সময় হালদারপাড়া বিএসএফ ক্যাম্পের ৩২ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা তাকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

নিহতের বাবা নুর ইসলাম জানান, দুপুরে আমার ছেলেসহ ৪-৫ জন গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়। এ সময় অসাবধানতাবশত সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলার পার হয়ে ভারতে ঢুকে পড়লে সেখানকার ৩২ বিএসএফ হালদারপাড়া ক্যাম্পের সদস্যরা ২ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে  গুলি লেগে ঘটনাস্থলেই নিহত হয় বাবু।

তিনি আরও বলেন, ঘটনার পর আমার ছেলের মরদেহ বিএসএফ সদস্যরা ভারতে নিয়ে গেছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, কয়েকজন স্বর্ণ চোরাকারবারির ওপর বিএসএফ গুলিবর্ষণ করেছে বলে জানা গেছে। ওই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল ২০০ গজ ভারতের অভ্যন্তরে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর