আওয়ামী লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ শনিবার রাতে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
বৈঠক শেষে যমুনা থেকে বেরিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছি। তিনি পদত্যাগ করার কথা ভেবেছিলেন; আমরা তাকে অনুরোধ করেছি-তিনি যেন দায়িত্বে থাকেন এবং দায়িত্বে থেকে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নের কাজ করেন।’
ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা নিতে চাননি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস হতাশা ব্যক্ত করেছেন। তিনি ক্ষমতা নিতে চাননি, আমরাই উনাকে ক্ষমতা দিয়েছি। উনি যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। কিন্তু তিনি কাজ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হওয়ায় হতাশা ব্যক্ত করেন। তবে আমরা উনাকে বুঝিয়েছি, উনি যেন সব কিছু বাদ দিয়ে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটাকে লক্ষ্য রেখে কাজ করে যান।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচার, জুলাই ঘোষণাপত্র জারি, সংস্কার, গণপরিষদ নির্বাচন এবং আহত ও শহীদ পরিবারগুলোতে পুনর্বাসনের আহ্বান জানিয়েছি। এজন্য আমরা সমন্বিত পরিকল্পনা বা রোডম্যাপ চেয়েছি।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া সকল নির্বাচনকে অবৈধ ঘোষণা করার দাবি জানিয়েছি। কারণ, এসব নির্বাচন আদালতে এনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। নির্বাচনগুলো অবৈধ ঘোষণা হলে এ সংকট আর হবে না।’
নির্বাচন কমিশন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ‘নির্বাচন কমিশনে আমাদের আস্থা নেই। আমরা নির্বাচন কমিশন পুনর্গঠন করে দ্রুত স্থানীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছি।’
নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানে যে সকল ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা হয়েছেন তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না। এ বিষয়ে আমরা আজকে স্পষ্ট করেছি। তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হয়েছেন।’
এর আগে আজ সন্ধ্যায় বিএনপির সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির পরে জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়।
আরও পড়ুন:
দুই বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছে জামায়াত
উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রোডম্যাপ চাইলো বিএনপি
