মানিকগঞ্জে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ও কণ্ঠশিল্পী মমতাজকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করেছেন বিএনপি নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ দিন মানিকগঞ্জে হত্যা ও হামলার পৃথক মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ দুটি মামলার শুনানি হয়।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ বিচারক মুহম্মদ আব্দুন নূর মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সকাল সাড়ে ৮টায় গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে করে মমতাজ বেগমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।
এসময় মমতাজ বেগমকে বুলেটপ্রুফ জ্যাকেট আর হেলমেট পরিধান করে আনা হয়। আদালতের অভ্যন্তরে মমতাজকে এজলাসে তোলার সময় বিএনপিপন্থি আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এ সময় আদালত চত্বরে বিএনপিপন্থি আইনজীবী ও দলীয় নেতাকর্মীরা মমতাজের ফাঁসি দাবি করে বিক্ষোভ করেন।
জানা গেছে, বাদী পক্ষের আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান। তবে মমতাজ বেগমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
মানিকগঞ্জ আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন।
এরপর তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মামলাটি করেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুরে সাগর হত্যা মামলায় গ্রেপ্তারের পর চার দিনের রিমান্ড শেষে মমতাজ বেগমকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। সেখান থেকে আজ সকাল সাড়ে আটটার দিকে তাঁকে মানিকগঞ্জ আদালতে আনা হয়।
আরও পড়ুন: তিন উপদেষ্টাকে ‘বিএনপিপন্থী’ আখ্যা, পদত্যাগ করানোর হুঁশিয়ারি এনসিপির
