চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেত্রী ও সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উত্তর জেলার রাউজান উপজেলায়।
বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে জিনাত সোহানাকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের সঙ্গে চিন্ময় দাসের অনুসারীদের সংঘর্ষের ঘটনায় করা কোতোয়ালি থানার সন্ত্রাসবিরোধী মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
জিনাত সোহানা সুচিন্তা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন। সংগঠনটির চেয়ারম্যান হলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। জিনাত সোহানা মোহাম্মদ এ আরাফাতের নিকটজন হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের আমলে মাদ্রাসায় জঙ্গিবাদবিরোধী প্রচারণা চালিয়ে আলোচিত হন সোহানা।
উল্লেখ্য, সোহানা চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য। সাবেক অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটরের পাশাপাশি বেসরকারি কারা পরিদর্শক ছিলেন তিনি। এ ছাড়াও তিনি সাবেক সিডিএ সদস্য, ফারমিন গ্রুপের চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার ও বিজিএমইএরও সাবেক সদস্য ছিলেন। তার স্বামী মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি। সর্বশেষ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
আরও পড়ুন: সুফি মিজানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি
