রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ৭ মে ২০২৫, ৯:৩৯ অপরাহ্ণ
বিশিষ্ট শিল্পপতি, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের নামে করা মামলা ভিত্তিহীন আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
আজ বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ‘সর্বস্তরের সুফিবাদী সুন্নি জনতা বাংলাদেশ’-এর ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক কামাল উদ্দিন।
লিখিত বক্তব্যে অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ‘একুশে পদকপ্রাপ্ত মানবদরদী শিল্পপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান শুধু সফল শিল্পপতি নন, তিনি সুফিবাদী ধার্মিক সুন্নি মুসলমান। সম্পদ তাকে অহংকারী করেনি, বরং সম্পদ তাকে বহুগুণে করেছে সহনশীল, পরোপকারী ও দানশীল। বাংলাদেশে ব্যবসায়ী সমাজের মধ্যে সৎ, দুর্নীতিমুক্ত ব্যবসায়ী সুফি মোহাম্মদ মিজানুর রহমান। পিএইচপি কুরআনের আলোসহ তার বহুমুখী ও বহুমাত্রিক অবদান জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপ্ত। তার বিরুদ্ধে করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
বাংলাদেশের ব্যাংকিং বীমা সেক্টরে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের চেক কখনো ডিজঅনার হওয়ার কোন রের্কড নাই উল্লেখ করে তিনি বলেন, ব্যাংক ও ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে নেওয়া লোনে এ পর্যন্ত খেলাপী গ্রাহক হওয়ার নজির নেই। সুফি মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশের ব্যবসায়ী সমাজের মধ্যে এটি এক বিরল নজির স্থাপন করেছে। যা সর্বস্তরের ব্যাংকারদের মুখে মুখে সমাদৃত। তার উপস্থাপিত ইসলামের আর্দশিক শিক্ষা-সংস্কৃতির প্রতি অনুপ্রানিত হয়ে এবং চরিত্রমাধুর্যে মুগ্ধ হয়ে দেশে বিদেশে বহু মানুষ ইসলাম গ্রহণ করেন। পিএইচপি কুরআনের আলো, আন্তজাতিক ক্কিরাত সম্মেলন এবং আন্তজাতিক শাহাদায়ে কারবালা মাহফিলের প্রধান পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালনের মধ্য দিয়ে ইসলামের শাশ্বত আদর্শ, মৌলিক ঈমান আক্কীদাহ নৈতিক শিক্ষা, সংস্কৃতির বিকাশে ভূমিকা রেখে আসছেন। তার বহুমুখী ও বহুমাত্রিক অবদান জাতীয় ও আন্তজাতিক পরিমন্ডলে ব্যাপ্ত।
লিখিত বক্তব্যে বলা হয়, সুফি মিজানুর রহমান বহু মসজিদ মাদরাসা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, হিফযখানা, ইয়াতীমখানাসহ অসংখ্য শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, সংস্কার ও সম্প্রসারণে অসাধারণ অবদান রাখেন। রাজধানী ঢাকায় ইউআইটিএস এবং নারায়নগঞ্জের কাঞ্জনে দুস্থ অসহায়দের কল্যাণে হাসপাতাল প্রতিষ্ঠা করেন। তিনি প্রকাশ্যে ও গোপনে অগণিত শিক্ষার্থীর পড়ালেখার খরচ বহন করেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, কিডনি ফাউন্ডেশনসহ জনহিতকর বিভিন্ন প্রতিষ্ঠানে তার অসাধারণ অবদান রয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মিজানুস সালাম জামে মসজিদ প্রতিষ্ঠা করে তা পরিচালনায় যাবতীয় ব্যয় বহন করে আসছেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় মিশর জামিউল আযহারে অধ্যয়নরত বাংলাদেশী মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করেন এবং এতে ভর্তিচ্ছু বাংলাদেশী ছাত্রদের প্রস্তুতির জন্য কোচিং সেন্টারসহ আরবী ভাষা ও সাহিত্যে যোগ্যতা ও দক্ষতা অর্জনে মিজানুস সালাম আরবী ভাষা এবং ইফতাহ্ কোর্স প্রতিষ্ঠা করেন। তিনি প্রতি বছর অনেককে পবিত্র হজ, উমরাহ ও মদীনাহ মুনাওওয়ারাহ্ যিয়ারতের ব্যবস্থা করেন এবং বিমান বন্দরে হজযাত্রীদের আপ্যায়নের ব্যবস্থা করে থাকেন।
লিখিত বক্তব্যে বলা হয়, করোনা মহামারীকালে কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা এবং তাদের পরিবারে খাদ্যদ্রব্য সরবরাহ করেন জানিয়ে অধ্যাপক কামাল উদ্দিন বলেন, তখন এ নাজুক পরিস্থিতি ও প্রতিকুল অবস্থায় তিনি কাউকে তারঁ প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করেননি। বন্যাদুর্গত মানুষদের নিজের কারখানায় আশ্রয় দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সরকারি-বেসরকারি ত্রাণ তহবিলেও দান-অনুদান প্রদান করেন।
সুফি মিজানকে দেশের শিল্প বিপ্লবের অন্যতম পথিকৃৎ উল্লেখ করে অধ্যাপক কামাল উদ্দিন বলেন, শিল্পায়নে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু পুরষ্কার সনদ ও সম্মাননা লাভ করেছেন। দেশে-বিদেশে বহু খানক্কাহ-আস্তানা, দরগাহ-দরবার,উলামা-মাশায়িখ ও সুফি-দরবেশদের সাথে তার সুসম্পর্ক রয়েছে।
সংবাদ সম্মেলনে মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
সর্বস্তরের সুফিবাদী সুন্নি জনতার মানববন্ধন
সংবাদ সম্মেলন শেষে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনের আয়োজন করে সর্বস্তরের সুফিবাদী সুন্নি জনতা। এতে হাজারো ধর্মপ্রাণ সুন্নি আলেম ও সুন্নি জনতা অংশ নেন।

মানববন্ধনে মুফতি অছিয়র রহমান বলেন, আমরা এখানে কোন আন্দোলনের জন্য আসিনি। মজলুমের পক্ষ হয়ে মামলা প্রত্যাহার এবং মানবিক ধর্মীয় আল্লাহ ওয়ালা মানুষের জন্য একত্রিত হয়েছি।
আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী বলেন, সুফি মিজান বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করেছেন। যারা তাকে মিথ্যা মামলায় অপমান করতে চায় তাদের বিচার আল্লাহ করবে।
আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে মুফতি অছিয়র রহমান, মাওলানা আবদুল ওয়াজেদ, আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী, আঞ্জুমান-এ-রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্টের গোলাম মহিউদ্দিন, আবদুল করিম কুতুবী, নুর মোহাম্মদ আল কাদেরী, এইচএম মুজিবুল হক শাকুর, নুর মোহম্মদ সিদ্দিকী, অধ্যক্ষ আবুল ফারাহ ফরিদ উদ্দিন, অধ্যক্ষ আবুল বয়ান হাশেমী, প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট বীর মুক্তিযুদ্ধা ও রাজনীতিবীদ একরামুল করিম, সিরাজুল মোস্তফা, আনোয়ারুল হক, প্রফেসর কামাল উদ্দিন, আবদুল হাই মাসুম, সালামত উল্লাহ, জাফর আহাম্মদ সওদাগর, এস এম সফি, মাঈনুদ্দিন মিঠু প্রমুখ।
উল্লেখ্য, পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে পিএইচপির চেয়ারম্যান মিজানুর রহমানের নামও রয়েছে। ৩ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন এম এ হাশেম রাজু নামের এক ব্যক্তি। তিনি আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বাংলাদেশ বিষয়ে প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি ফ্যাসিবাদ উৎখাত আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া তিনি ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি।
