, | |

মূলপাতা জাতীয়

বাংলাদেশে ভারতীয়দের অনুপ্রবেশ, যা বললেন নিরাপত্তা উপদেষ্টা


জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
প্রকাশের সময় :৭ মে, ২০২৫ ৮:৩২ : অপরাহ্ণ

সীমান্ত দিয়ে ভারত থেকে মানুষ পুশইন (জোর ক‌রে ফেরত পাঠা‌নো) করানোর বিষয়টি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।

খাগড়াছড়ি ও কুড়িগ্রাম জেলা সীমান্তে ভারত থেকে নাগরিকদের জোর ক‌রে ফেরত পাঠা‌নো নি‌য়ে এক প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান ব‌লেন, আমরা প্রতিটি কেস আলাদা আলাদাভাবে নিরীক্ষণ করছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের দেশের নাগরিক যদি কেউ হয়ে থাকেন, আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তাদের আমরা গ্রহণ করবো। তবে এটা ফরমাল চ্যানেলে হতে হবে। এভাবে পুশইন করাটা গ্রহণযোগ্য নয়।

এ বিষ‌য়ে ভারতের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা-জানতে চাইলে নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা এটা নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

প্রসঙ্গত, আজ বুধবার ভোর সাড়ে ৪টা থেকে মাটিরাঙা তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন, গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন ও পানছড়ির লোগাং ইউনিয়নের রুপসেনপাড়া সীমান্ত দিয়ে ২৪ জনসহ মোট ৬৬ জন ভারতীয় নাগরিককে অনুপ্রবেশের অভিযোগে আটক করে বিজিবি। আটক ব্যক্তিরা নিজেদের গুজরাটের বাসিন্দা দাবি করেন। তাদের গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এসে বিএসএফ সদস্যরা শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করায় বলে জানা যায়।

খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, সর্বশেষ খবর পর্যন্ত ৬৬ জন ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করানো হয়েছে। বিজিবি বিষয়টি দেখভাল করছে। তাদের আওতায় রয়েছে অনুপ্রবেশকারীরা। বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা তাদের দ্রুত পুশব্যাক করানোর চেষ্টা করছি।

সম্প্রতি মেহেরপুরের মুজিবনগর দিয়ে ১০ জনকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেয় বিএসএফ। আটকরা বিজিবিকে জানান, বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া খুলে বাংলাদেশের মধ্যে তাদের ঠেলে দিয়েছে।

আরও পড়ুন: ভারতের আগ্রাসনের জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর