, | |

মূলপাতা দেশজুড়ে

গাজীপুরে ধারালো অস্ত্র দিয়ে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা


আজ সন্ধ্যায় গাজীপুরে হামলায় আঘাতপ্রাপ্ত হন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
প্রকাশের সময় :৪ মে, ২০২৫ ৮:৫১ : অপরাহ্ণ

গাজীপুরে ধারালো অস্ত্র দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় হাসনাত আবদুল্লাহর গাড়ির একটি কাঁচ ভেঙে যায়। এতে তিনি আঘাতপ্রাপ্ত হন।

এ ঘটনা নিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।’

এই পোস্ট দেওয়ার পর গাজীপুর মহানগরীতে তোলপাড় শুরু হয়। মহানগর পুলিশ হাসনাত আবদুল্লাহর অবস্থান শনাক্ত করে তাঁর নিরাপত্তায় এগিয়ে আসে। হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

এ ঘটনায় এনসিপির আরেক নেতা হান্নান মাসউদ তার পোস্টে লিখেছেন, ‘গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশেপাশে যারা আছেন, দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।’

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান বলেন, গাজীপুরের সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় ফিরছিলেন। চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়ি বহর জ্যামে আটকে থাকাবস্থায় ৪/৫টি মোটরসাইকেলে তার গাড়ি হামলা করে। হামলায় তিনি হাতে আঘাতপ্রাপ্ত হন এবং গাড়ির গ্লাস ভেঙ্গে যায়। তার কাছ থেকে বিস্তারিত জেনে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেয়া হয়েছে।

 

এ পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারীদের খুঁজে বের করতে এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান বলেন, ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে মহানগর পুলিশ হাসনাত আবদুল্লাহর অবস্থান শনাক্তের চেষ্টা করে। হামলার ঘটনা ঘটার পর হাসনাত আবদুল্লাহকে বহনকারী গাড়িটি ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে বোর্ডবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সামনে পৌঁছালে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাত আবদুল্লাহর নিরাপত্তায় এগিয়ে আসেন। পরে সেখানে তিনি গাড়ি থেকে নামেন এবং ছাত্রদের সঙ্গে কথা বলেন। এ সময় গাজীপুর মহানগর পুলিশের কর্মকর্তারা সেখানে যান।

উল্লেখ্য, এর আগেও হাসনাত আবদুল্লাহকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। গত বছরের ২৭ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হত্যাচেষ্টার ঘটনা ঘটে।

আরও পড়ুন:

এপ্রিলে এলো দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম কমলো ১৯ টাকা

ইসরাইলের প্রধান বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, দুই সেনা নিহত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর