, | |

মূলপাতা জাতীয়

জুলাই সনদ দেশের প্রকৃত ভবিষ্যতের রূপরেখা: প্রধান উপদেষ্টা


রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রকাশের সময় :৩ মে, ২০২৫ ১০:০৭ : পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদ শুধু একটি ঘোষণাপত্র নয়, এটি হচ্ছে বিভাজন দূর করে জাতির প্রকৃত ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা। দেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকট ও বিভক্তি কাটিয়ে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই সনদ।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে তিনি এ কথা বলেন।

সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি প্রতিদিন অনেক বৈঠকে অংশ নিই, তবে সবচেয়ে বেশি তৃপ্তি পাই যখন আপনাদের সঙ্গে বসতে পারি, কথা বলতে পারি। কারণ, এই সংলাপের মধ্য দিয়েই আমরা সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ নির্মাণের পথ তৈরি করছি। এটা আমাকে শিহরণ জাগায় যে, এ রকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি, নিজেকে যুক্ত করতে পেরেছি।

 

রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, অনেকগুলো বিষয় আছে, কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয়, ওই ঐকমত্যের সুপারিশে। এ সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি।

ড. ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ চলবে যাতে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদ আরো সমৃদ্ধ করা যায় এবং কোন কোন বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি তা দেশবাসী দেখতে পায়।

প্রথম পর্বের আলোচনায় যেসব বিষয়ে দূরত্ব রয়ে গেছে, দ্বিতীয় পর্বের আলোচনায় সেইসব দূরত্ব ঘুচে যাবে-এমন আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, যেটুকু দূরত্ব ছিল, সে দূরত্ব ঘুচিয়ে এনে যাতে জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐকমত্যের বিষয় আছে, তার মধ্যে আরও কিছু যোগ করতে পারি। দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও দুটি জোটের নেতারা অংশ নেন। প্রথমে বিভিন্ন দল ও দুটি জোটকে আমন্ত্রণ জানানো হলেও শেষপর্যায়ে জমিয়তে উলামায়ে বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোটকে আমন্ত্রণ জানানো হয়।

বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল; জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ; এনসিপির প্রতিনিধিদলে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার; এলডিপির চৌধুরী হাসান সারওয়ার্দী; গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি; লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান; খেলাফত মজলিসের ড. আহমদ আব্দুল কাদের; বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক; গণঅধিকার পরিষদের নুরুল হক নুর; সিপিবির সাজেদুল হক রুবেল; বাসদের বজলুর রশিদ ফিরোজ; এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ; নাগরিক ঐক্যের সাকিব আনোয়ার প্রমুখ অংশ নেন। এছাড়া ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর