, | |

মূলপাতা জাতীয়

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে গেজেট


ইশরাক হোসেন
প্রকাশের সময় :২৭ এপ্রিল, ২০২৫ ১০:২১ : অপরাহ্ণ

বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার কমিশন এই গেজেট জারি করে। ইশরাক হোসেন ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।

এর আগে গত ২২ এপ্রিল ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কি না এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। সেখানে থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর সিইসি অন্যান্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে এক সভা করেন, যেখানে রাতেই গেজেট জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসির নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেয় আদালত। নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই সিটিতেই মেয়র পদে বিজয়ী হন আওয়ামী লীগের দুই প্রার্থী। এর মধ্যে ঢাকা উত্তরে মেয়র হন নৌকার প্রার্থী আতিকুল ইসলাম। আর দক্ষিণে মেয়র হন নৌকার আরেক প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে ফজলে নূর তাপস পেয়েছিলেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট এবং ইশরাক ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট পেয়েছিলেন। এরপর বিএনপির মেয়র প্রার্থী ইশরাক নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ আদালতে মামলা করেন।

 

মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।

নির্বাচনী আইন অনুযায়ী, ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে সংক্ষুব্ধ প্রার্থী বা তার মনোনীত ব্যক্তিকে আবেদন করতে হয়। মামলার পর পরবর্তী ১৮০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবেন ট্রাইব্যুনাল। সংক্ষুব্ধ ব্যক্তি রায়ে খুশি না হলে ৩০ দিনের মধ্যে তিনি নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে যেতে পারবেন। নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল ১২০ দিনের মধ্যে আপিলটি নিষ্পত্তি করবেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপসকে মেয়র পদ থেকে বহিস্কার করা হয়।

গত বছর ১৬ অক্টোবর রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

এদিকে সাবেক মেয়র তাপসের কোনো হদিস নেই। বিভিন্ন সূত্র দাবি করছে, তিনি শেখ হাসিনা সরকারের পতনের আগেই দেশ ছেড়েছেন।

আরও পড়ুন: আইন উপদেষ্টার বাসভবনে ‘রহস্যজনক ড্রোন’, তদন্তে গোয়েন্দারা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর