, | |

মূলপাতা দেশজুড়ে

মহেশপুর সীমান্তে ২ বাংলাদেশিকে গুলি করে মারলো বিএসএফ


প্রকাশের সময় :২৭ এপ্রিল, ২০২৫ ১১:২১ : পূর্বাহ্ণ

সীমান্তে একের পর এক হত্যাযজ্ঞ চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এবার ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গুলি করে দুই বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ।

আজ রোববার ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) ও হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।

স্থানীয়রা জানান, রোববার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত পাঁচ বছরে সীমান্তে ১৫১ বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে রংপুর বিভাগেই মারা গেছেন ৬১ জন। বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ তথ্য জানিয়েছে।

আসকের তথ্য মতে, রংপুর বিভাগের ছয়টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে লালমনিরহাট জেলায়। এই জেলায় পাঁচ বছরে বিএসএফের গুলিতে মারা গেছেন ১৯ জন। সর্বশেষ গত ১৭ এপ্রিল সিংগীমারী সীমান্তে ঘাস কাটতে গেলে বাংলাদেশ অংশে ঢুকে হাসিবুল নামের এক যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে নানা সময় ভারত প্রতিশ্রুতি দিলেও দৃশ্যত তা পরিলক্ষিত হয়নি। বিশ্লেষকদের মতে, সীমান্ত হত্যা কমাতে দুই দেশকে কো-অর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্টে গুরুত্ব দিতে হবে।

২০১১ সালে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে কিশোরী ফেলানী হত্যাকাণ্ডের পর সীমান্ত হত্যা নিয়ে দেশজুড়ে প্রতিবাদ হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের ১৩ বছর পার হলেও তার পরিবার আজও পায়নি ন্যায়বিচার।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ত্বহা হুসাইন বলেন, ‘সীমান্ত সংক্রান্ত যেসব চুক্তি আছে, সেখানে স্পষ্টভাবে বলা রয়েছে—কেউ যদি অনুপ্রবেশ করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, কিন্তু প্রাণনাশ নয়।’

সীমান্তে বাংলাদেশি নাগরিকদের জানমালের নিরাপত্তায় উপযুক্ত কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। গত ১৯ এপ্রিল এক বিবৃতিতে দলটি এ দাবি জানায়।

আরও পড়ুন: সীমান্তে পাঁচ বছরে ১৫১ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর