বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা অর্থ-বাণিজ্য

রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস



রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২১ এপ্রিল ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ

দুই দিনের মাথায় দেশের বাজারে রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা।

আজ সোমবার রাতে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম আরও কিছুটা বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের এর চেয়ে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গহনা বিক্রি করা হয়। একই সঙ্গে ভরিপ্রতি মজুরি ধরা হয় ন্যূনতম সাড়ে ৩ হাজার টাকা। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

আগামীকাল মঙ্গলবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নতুন মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।

এর আগে গত ১৯ এপ্রিল ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়ানো হয়েছিল।

রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের ‌দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৭৪১ টাকা, ২১ ক্যারেটের দাম প্রতি ভরি ২ হাজার ৬২৫ টাকা, ১৮ ক্যারেটের দাম প্রতি ভরি ২ হাজার ২৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৬৮০ টাকা।

আরও পড়ুন: ‘২০০টি গুমের সঙ্গে জড়িত শেখ হাসিনা ও জিয়াউল আহসান’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর