দামি গাড়িতে করে একে একে নামছিলেন স্যুট পরা ব্যক্তিরা। স্থানটিও ছিল অনেক দামি। সন্ধ্যার আলো ঝলমলে সাজানো লন্ডনের ওটু এরিনার প্রেস্টিজিয়াস ইন্টার কন্টিনেন্টাল হোটেলের হলরুমে ঢুকছিলেন অতিথিরা। অতিথিদের লাইনেই ছিল ছবি তোলার হিড়িক। মনে হচ্ছিলো কেউ একজন বা কয়েকজন ভিআইপি অতিথি আছেন। এভাবেই একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা।
জানা যায়, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে নানা দুর্নীতির অভিযোগে পলাতক মন্ত্রী-এমপিরা।
লন্ডনের ওটু এরিনার প্রেস্টিজিয়াস ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বিয়ের অনুষ্ঠানে ২০ এপ্রিল সন্ধ্যায় যোগ দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া মন্ত্রীরা বেশ হাসিখুশি ছিলেন। তারা বিয়েতে আগত নেতা-কর্মীদের সঙ্গে হেসে কথা বলেন। অনেকের সঙ্গে ছবিও তুলেছেন। এর আগে হাছান মাহমুদ, আব্দুর রহমান, শফিকুর রহমানের কফির আড্ডায় বসা ছবি ভাইরাল হয়েছিল।
গত বছরের ৫ আগস্ট দেশে ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। এর পর থেকে সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রীদের একসঙ্গে প্রকাশ্যে দেখা না গেলেও, এই প্রথম লন্ডনে এক অনুষ্ঠানে একত্রে অংশ নিতে দেখা গেল তাদের।
পালিয়ে আসা মন্ত্রী-এমপিদের এমন আনন্দঘন পরিবেশে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা। তাদের প্রশ্ন, লাখ লাখ নেতা–কর্মীকে বিপদের মুখে ফেলে পালিয়ে এসে তারা কীভাবে এসব অনুষ্ঠানে অংশ নেন? ভাবতেও লজ্জা লাগে।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য যুবলীগের এক নেতা বলেন, ‘এখনো অনেক নেতা–কর্মী হয় কারাগারে, না হয় আত্মগোপনে। আর এদিকে মন্ত্রী–প্রতিমন্ত্রীরা বিদেশে এসে আয়েশে জীবন কাটাচ্ছেন। এটা অত্যন্ত দুঃখজনক।’
আরও পড়ুন: মলিন চেহারায় দেখা মিললো আ.লীগের পলাতক সাবেক ৪ মন্ত্রীর
