রাজনীতি সংবাদ প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশের সময় : ১৮ মার্চ ২০২৫, ৭:১২ অপরাহ্ণ
মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ ১০ সহযোগীকে আটক করেছে র্যাব।
গতকাল সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ও ময়মনসিংহে পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন (ধারালো দাঁতযুক্ত ও দুই পাশে হাতলবিশিষ্ট) উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরসা প্রধানের ১০ সহযোগী হলেন-আরাকান রোহিঙ্গা এআরএসএ সদস্য আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), মনিরুজ্জামান (২৪), সলিমুল্লাহ (২৭), মোসাঃ আসমাউল হোসনা (২৩), মো. হাসান (১৫), মো. আসমত উল্লাহ (২৪), মো. হাসান (৪৩), মোসা. শাহিনা (২২) ও মোসা. সেনোয়ারা (১৭)।
গ্রেপ্তারকৃতদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে।
জানা গেছে, আরসা প্রধান আতাউল্লাহসহ বাকি পাঁচ সদস্যকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সদস্যরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ও ১৭ মার্চ ময়মনসিংহ জেলার সদর থানা এলাকার নতুন বাজার গার্ডেন সিটি এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লীতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে র্যাব-১১। এ সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন নারীসহ এআরএসএ এর ১০ সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, ধারালো চাকু ও চেইন উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, রোহিঙ্গা ৬ নাগরিককে থানায় হস্তান্তর করেছে র্যাব। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: হাসিনা ও রেহানা পরিবারের ৩৯৪ কোটি টাকা ফ্রিজ
