দেশের বাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা।
আজ মঙ্গলবার রাতে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কিছুটা বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৬ হাজার ৭৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের এর চেয়ে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গহনা বিক্রি করা হয়। একই সঙ্গে ভরিপ্রতি মজুরি ধরা হয় ন্যূনতম সাড়ে ৩ হাজার টাকা। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
আগামীকাল বুধবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নতুন মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।
এর আগে গত ১৬ মার্চ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়ানো হয়েছিল।
রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম বাড়লেও ৬২৫ টাকা, ১৮ ক্যারেটের দাম প্রতি ভরি ২ হাজার ২৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৬৮০ টাকা অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন: এবার ঈদুল ফিতরে সরকারি ছুটি ৫ দিন
